নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার উত্তর নারীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, তিনি তার মাকে বিকেল ৪টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান। ঘণ্টাখানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের উপরে গলা কাটা অবস্থায় মরে পরে আছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বার্তা বাজারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী ও মেয়ে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা সেলিনা বেগমকে গলা কেটে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
সাকলাইন শুভ/বার্তাবাজার/এসজে