সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে
ঢাকার সাভারে হঠাৎ করে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত ২০ মার্চ নতুন করে ১৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ।
বার্তা বাজারকে তিনি জানান, গত ২০ মার্চ তারিখে মোট ৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো, তাদের ভিতরে মোট ১৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নিকট জানতে চাইলে তিনি বলেন, সাভারবাসী বর্তমানে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি আগের মতন মেনে চলছেন না, বিশেষ করে মাস্ক পরিধানের ব্যাপারে আগের মতো এই উপজেলার মানুষ সচেতন নন, মূলত একারণেই করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে।
এজন্য সঠিক নিয়মে মাস্ক পরিধানের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া সহ ভীড় এড়িয়ে চলার আহবান জানান তিনি।
প্রসঙ্গত, ২০ মার্চ, ২০২১ পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১২৭৬৫ জনের, এর মধ্যে আক্রান্তের সংখ্যা মোট ১৭৩৫ জন। এই উপজেলায় এখন পর্যন্ত মোট ৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে মোট ৩ জন রোগী আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/এসজে