যশোরের চৌগাছায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নারায়াণপুর কপোতাক্ষ নদের ওপর নবনির্মিত সেতুটির রাস্তায় ইতিমধ্যে সেতুতে উঠার অংশে ভাঙন দেখা দিয়েছে। যাতায়াতকারীরা বলছেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দুই পাশের সড়কই কপোতাক্ষ নদের গর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
উপজেলার নারায়ণপুর ও হাকিমপুর ইউনিয়নবাসীসহ এলাকার ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতুটি। এই সেতুর মাধ্যমে রয়েছে চৌগাছা সদর শহরের সংযোগ।
প্রকল্প সুত্রে জানা যায়, বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রণালয় ব্রিজটি নির্মাণের জন্য ৬ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা বরাদ্দ দেয়। দীর্ঘদিন সেতুর কাজ শেষ হওয়ার পর নির্মাণ করা হয় সেতুর দুই পাশের সংযোগ সড়ক। রাস্তার কাজ শেষে সেতুটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন করা হয়নি নবনির্মিত সেতুটি।
সেতু নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই সেতুর পূর্ব পাশে সেতুতে ওঠার অংশে রাস্তায় দেখা দিয়েছে ভাঙন। দিন দিন ভাঙনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেতুর দুই পাশে প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশ ভেঙে অনেকাংশ আশেপাশের পুকুরের মধ্যে চলে যাচ্ছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী বার্তা বাজার কে জানান, হঠাৎ করে সেতুর দুই পাশের সড়ক ভেঙে পাশে পুকুরে পড়েছে। ব্রিজের দুই পাশের সড়কই এখন খুবই ঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান এ ব্যাপারে বার্তা বাজার কে জানান, সেতুর দুপাশে সামান্য ক্ষতির খবরটি শুনেছি। দ্রুত খোঁজখবর নিয়ে তা মেরামত করা হবে। এ ক্ষেত্রে জনগণকেও একটু সচেতন হতে হবে। রাস্তার দুপাশে জনগণ যেন মাটি না কাটে বা রাস্তার ক্ষতি না করে সে ব্যাপারে সকলকে খেয়াল রাখতে হবে।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/এসজে