বগুড়ার কাহালু উপজেলায় পুকুর খননের সময় তিন ফুট লম্বা একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে সরকারি খাস একটি পুকুরে মাটি খনন করার সময় মূর্তিটি বেরিয়ে আসে। বিষ্ণু মূর্তির ওজন প্রায় ৮৬ কেজি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে এসকাভেটর দিয়ে মাটি কাটার সময় বিশাল আকৃতির একটা কিছুর সন্ধান পায় মেশিনটির অপারেটর। জিনিসটি চিনতে না পেরে তিনি অন্যদের ডেকে আনেন পর তারা বিষ্ণু মূর্তি হিসেবে শনাক্ত করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে হেফাজতে নেয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা এবং এর ওজন ৮৬ কেজি। মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
নাজমুল হাসান/বার্তাবাজার/পি