মেহেরপুরে হত্যা মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় সাগর, মোহাম্মদ হক, মো: সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলাম নামের ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত সাগর হিজুলী গ্রামের আইজুদ্দিনের ছেলে, মোহাম্মদ হক একই গ্রামের আলী মহালদারের ছেলে, হামিদুল নজর উদ্দিনের ছেলে, আলফাজ সদর উপজেলার গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে এবং সোনা হিজুলি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সাজাপ্রাপ্ত সাগর এবং হককে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলি গ্রামের নুর ইসলামকে নির্মমভাবে খুন করা হয়। পরদিন সকালে হিজুলি গ্রামের মাঠ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে বাঃ দঃ বিঃ ৩০২/৩৪ পেনাল কোড, ধারায় সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, হামিদুল ইসলাম,বাবর আলী খালেকনিপু কল উজ্জ্বল রিকা তুল্লা মহিউদ্দিনসহ মোট ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪, জি আর কেস নং ১২৩/১০, সেশন কেস নং৬২/১১।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল প্রাথমিক তদন্ত শেষে আদালতে সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন কৌশলী ছিলেন।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর