পারিবারিক কলহের জেরধরে বড় জা’র গরম পানি নিক্ষেপের ঘটনায় ছোট দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় জা জহুরা খাতুনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২১ মার্চ ২১) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের দক্ষিণপাড়ায় এমন ঘটনা ঘটে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, আটক করে বড় জা’কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন এমন ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে কলহের জেড়ে শাহাদাত হোসেনের স্ত্রী জহুরা খাতুন তার ছোট জা ইসমাইল হোসেনের স্ত্রী রুমা আক্তারের শরীরে গরম নিক্ষেপ করে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে রুমাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে তাঁর স্বজনরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, ওই নারীর শরীরে গরম পানি নিক্ষেপ করায় মুখসহ কয়েক স্থান ঝলসে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত ও তার চিকিৎসা চলছে।
এম এ মালেক/বার্তাবাজার/পি