দলীয় শৃঙ্খলা না মানলে দল বড় নেতাকেও ছাড় দেবে না: কাদের
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়ে শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। শৃঙ্খলা না মানলে যে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোক না কেন, দল কাউকে ছাড় দেবে না।
সোমবার (২২ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দল গঠনের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে কাদের বলেন, বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। দলের দুঃসময়ে তাদের কেউ পাশে থাকবে না। প্রক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পুরো জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছে বলেও জানান সেতুমন্ত্রী।
বার্তাবাজার/নব