জাতীয় স্মৃতিসৌধে নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

একই সঙ্গে নেপালের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান নেপালের প্রেসিডেন্ট।

বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের প্রেসিডেন্ট। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছ রোপন করেন তিনি।

বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যা দেবী ভান্ডারী।

পরে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই পক্ষের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরের দিন (২৩ মার্চ) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন নেপালের প্রেসিডেন্ট। দুই দিনের সফর শেষে কাঠমান্ডু ফিরে যাবেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর