আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ ২ দিনের ঢাকা সফরে আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সোমবার(২২ মার্চ) সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। গার্ড অব অনার জানাবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকশ দল।

সেখান থেকে তিনি যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী ভান্ডারী। সেখান থেকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। ১৯৭২ সালের ১৬ই জানুয়ারি নেপাল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর ওই বছর ৮ই এপ্রিল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর