সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে ভালো নেই কালজয়ী এই গানটির স্রষ্টা ফজল-এ খোদা (৮০)। বয়সের কারণে ভুগছেন নানা শারীরিক সমস্যায়।
কোটি মানুষকে উদ্দীপ্ত করা কালজয়ী এ গানের স্রষ্টা সে সময়ের বেতার কর্মী ফজল-এ খোদা। বিবিসির জরিপে সর্বশ্রেষ্ঠ ২০ বাংলা গানের তালিকায় এটি ১২তম। সেই গানের গীতিকার বয়সের ভারে অনেকটা জর্জরিত এখন। কাটাচ্ছেন গৃহবন্দি জীবন। হারিয়েছেন স্মৃতিশক্তিও।
১৯৬৯ সালে ফেব্রুয়ারি মাসে গানটি লিখেছিলেন তিনি। বঙ্গবন্ধুর নিদের্শনায় আবদুল জব্বারের গাওয়া এই গানটি ১৯৭১ সালের ১৪ মার্চ থেকে ছড়িয়ে পড়েছিল সারা দেশে এবং সবার কণ্ঠে। গানটি থেকে উদ্দীপ্ত হয়েছিলো বাংলার মুক্তিকামী লাখো মানুষ।
আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেও ফজল-এ খোদা তার এই কীর্তিমান কাজের পাননি কোনো রাষ্ট্রীয় সম্মান। তার পরিবার চায় মরোণত্তর নয় তিনি যেন জীবদ্দশায় পান রাষ্ট্রীয় সম্মান।
এ ব্যাপারে ফজল-এ খোদার ছেলে এনাসিস-এ খোদা দুঃখ প্রকাশ করে বলেন, এই গান গেয়ে শিল্পীরা পুরষ্কৃত হয়েছেন কিন্তু যিনি গানটি লিখলেন ওনি পুরষ্কার পেলেন না।
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার পর গান লিখে ক্ষোভ জানিয়েছিলেন ফজল-এ খোদা।
গুণীমান এ ব্যক্তি গান ছাড়াও কবিতা, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্যসহ মোট ৩৩ টি বই লিখেছেন। শিশু সংগঠন শাপলা শালুকের প্রতিষ্ঠা হয়েছিলো তারই হাতে।
গুণী এই মানুষটিকে রাষ্ট্র এখনও যথাযথ মূল্যায়ন না করাই হতাশ দেশের অনেক বিশিষ্টজন। তার জীবন সংগ্রামে নানা টানা পড়ন থাকলেও সরকার বা অন্য কারো থেকে কোনো ধরণের সাহায্য চান না কীর্তিমান এই মানুষটি।
বার্তাবাজার/ই.এইচ.এম