বরযাত্রীবাহী নৌকার সাথে বালুবাহী নৌকার সংঘর্ষ, বরের নানী নিহত
গাইবান্ধা সদরের কামারজানীতে ব্রহ্মপুত্র নদে বর যাত্রীবাহী নৌকার সাথে আরেক বালু বোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষে ফাতেমা নামের এক নারী মারা গেছেন। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর আহত এক শিশুকে গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে রংপুরে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা থেকে সদরের কামারজানির পাড়দিয়ারা যাচ্ছিলো বরযাত্রীবাহী নৌকাটি। সদরের কামারজানী বন্দর এলাকা থেকে কিছুদুর যাওয়ার পর অপরদিকে আসা একটি বড় নৌকা বরযাত্রীবাহী নৌকার উপর উঠে যায়।
বর লিটনের বন্ধু প্রতক্ষ্যদর্শী জাহিদুল জানান, এ সময় নৌকায় থাকা ১৫-১৬ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ফাতেমা বেগম ও সাত বছরের শিশু স্বাধীনকে জেলা হাসপাতালে পাঠানো হয়।
জেলা হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার ডা. সুজন পাল বার্তা বাজারকে বলেন, ফাতেমা বেগম হাসপাতাল আসার আগেই মারা যায়। আর শিশু স্বাধীনকে রাত এগারোটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফাতেমার বাড়ি সদরের মালিবাড়িতে। তিনি বরের নানী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সরেজমিন পরিদর্শনের পর জানান, ঘটনাটি মর্মান্তিক। তিনি ফাতেমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন।
সুমন মিয়া/বার্তাবাজার/এসজে