আইপিএল খেলতে পারবেন না সাকিব!

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্কিন মুল্লুকে বসে বিসিবির কর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বেশ বিপদেই পড়েছেন তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের হয়ে শ্রীলংকা সফর না করে ছুটি নিয়ে আইপিএল খেলতে চেয়েছিলেন ক্রিকেট বিষ্ময় সাকিব।

ছুটি প্রসঙ্গে বিসিবির ক্রিকেট কমিটির প্রধান আকরাম খান বলেছিলেন, সাকিব আইপিএলে খেলতে চায়। এজন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কোনো আগ্রহ নেই, তাকে জোরাজুরি করার কোনো মানে নেই।

কিন্তু আকরাম খানের বিরোধীতা করে শনিবার (২০ মার্চ) রাতে একটি ক্রিকেট বিষয়ক গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে সাকিব বলেন, আকরাম ভাই বারবার বলেছেন- আমি খেলতে চাই না। আমার ধারণা উনি বিসিবিতে দেয়া আমার চিঠিটি পড়েননি।

সাকিবের এমন বক্তব্যে হতাশ আকরাম খান রোববার সন্ধ্যায় বনানীতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় সাকিব ইস্যুতে জরুরি মিটিং শেষে সাংবাদিকদের বলেন, সাকিব যেহেতু বলেছে সে টেস্ট খেলতে চায়, তাহলে সে খেলবে।

আগামী ১৭ এপ্রিল শ্রীলংকা সফরে পৌঁছাবে বাংলাদেশ দল। ২১ ও ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দুই টেস্ট ম্যাচ। সাকিব যদি শ্রীলংকা সফরে টেস্ট খেলেন তাহলে তার আইপিএল খেলা অনিশ্চিত।

আগামী ৯ এপ্রিল শুরু হয়ে আইপিএল শেষ হবে ৩০ মে। আইপিএলের ১৩তম আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু বোর্ডের কর্তাব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আইপিএল খেলার পথ নিজেই কঠিন করে ফেললেন সাকিব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর