চিত্রনায়ক নিরবের সাথে সিনেমায় জুটি বেঁধেছেন বিনোদন ও ব্যক্তিগত জীবিন নিয়ে ব্যপক আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পরিচালক অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’-এ তাদেরকে একসাথে দেখা যাবে। সিনেমার চুক্তি সম্পন্ন করতে শনিবার (২০ মার্চ) কলকাতা থেকে দেশে এসেছেন মিথিলা।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন নিরব ও মিথিলা। এর মাধ্যমে প্রথমবার সিনেমার পর্দায় দেখা যাবে মিথিলাকে। পাশপাশি অপ ও বুবলীর পর মিথিলার সাথে নতুন জুটি গড়ছেন নিরব।
জানা যায়, মিডিয়াতে এক যুগে ধরে মিথিলার সাথে নিরবের বন্ধুত্ব। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের একসাথে দেখা যাবে সিনেমার পর্দায়।
সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হবে। মিথিলা জানিয়েছেন, শুধু গল্প নয়, সামগ্রিক আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন তিনি। আর তাই খুব আগ্রহ নিয়েই তিনি কাজটি করতে যাচ্ছেন।
ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নিরব বলেন, ‘অমানুষ’ সিনেমার গল্প নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এক কথায় অসাধারণ একটি গল্প। আর এতে নায়িকা হিসেবে থাকছেন আমার বন্ধু মিথিলা। ওর সঙ্গে আমার এক যুগের বন্ধুত্ব। এবার সেই বন্ধুত্বটা দেখা যাবে সিনেমার পর্দায। সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো বলে আমি মনে করছি।’
নিরব সম্প্রতি রোজিনার প্রথম পরিচালিত ছবি ‘ফিরে দেখা’র শুটিং করে ফিরেছেন। তার আগে করেছেন অনন্য মামুনের ‘কসাই’ ছবিতে।
নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে থাকছেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ। ‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।
বার্তাবাজার/এসজে