ভারতবর্ষও কোনো একদিন ভিসা ফ্রি হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো ভারতবর্ষও একদিন ভিসামুক্ত হবে। রোববার (২১ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলা ঘুরতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন,আমার মনে হয় কোনো একদিন সারা ভারতবর্ষ বাংলাদেশের জন্য ভিসা ফ্রি হবে। ইউরোপের যেমন এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগে না, ভারতবর্ষও তেমন হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপ, শ্রীলংকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার মধ্যেও আমাদের দেশে অতিথিরা আসছেন, এটাই প্রকৃত বন্ধুত্বের প্রমাণ। এতে শুধু সম্পর্ক নয়, একইসঙ্গে বিভিন্নভাবে আমাদের দেশেরও উন্নয়ন হবে। ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে আকাশ ও জলপথে সংযোগ চালু হয়েছে। আগামীতে আরও অনেকের সঙ্গে হবে।

বইমেলা নিয়ে মন্ত্রী বলেন, বইমেলা আমার সব সময়ই ভালো লাগে। প্রতিবারই মেলায় এসে আমি নতুন বই দেখি, আনন্দিত হই। এবার তো আরও বড় আয়োজনে হচ্ছে এ মেলা। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশ থেকেও অনেক অতিথি বাংলাদেশে আসছেন। তাদের মধ্যে অনেক লেখক-গবেষকও আছে। বড় বড় সব অতিথি হয়তো সময়ের অভাবে এখানে আসতে পারবেন না। তবে তাদের সঙ্গে যেসব ডেলিগেটস আসছে, তাদের আমরা বইমেলায় আসতে উৎসাহিত করবো। অনেকেই আসবেন বলে আশা করছি।

এদিন বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টল ঘুরে দেখেন ড. মোমেন। এ সময় তার সঙ্গে অন্য কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর