নারীর ভ্রু-মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে ঘোরালেন মাতুব্বররা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তুলে এক নারী ও পুরুষের মাথার চুল এবং ভ্রু কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করা হয়।

এ ঘটনায় শনিবার (২০ মার্চ) শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধুর স্বামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- আবাইপুর গ্রামের ওই গৃহবধুর স্বামী নাসিম শেখ, আজাদ বিশ্বাস, শিরুল বিশ্বাস, বিশারত আলী ও সিরাজ বিশ্বাস।

শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মামলা দায়ের হওয়ার পর শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে ইয়াসমিনের স্বামী নাসিম শেখসহ ৫ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (১৭ মার্চ) রাতে পরকীয়ার অভিযোগে নাসিম তার স্ত্রী ইয়াসমিন ও বন্ধু সাগরের মাথার চুল-ভ্রু কেটে দেয় সমাজপতিদের নির্দেশে। এ ব্যাপারে শনিবার দুপুরে শৈলকুপা থানায় ৬ জন কে আসামী করে মামলা করেন মাগুরা জেলার শ্রীপুর গ্রামের শমসের শেখ। তিনি নির্যাতিত গৃহবধুর পিতা।

পুলিশ আরও জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পরকীয়া ও অনৈতিক কাজের অভিযোগে তুলে সমাজপতিরা মাছ
ব্যবসায়ী নাসিমের স্ত্রী ইয়াসিমন ও নাসিমের বন্ধু সাগরকে গ্রাম্য সালিশে সাজা দেয়। তারা ওই দুই নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর