অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনতা ব্যাংকের চূড়ান্ত হিসাব আশাব্যঞ্জক নয়। রোববার রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক ভবনে মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনতা ব্যাংক জনতার ব্যাংক, সাধারণ মানুষের ব্যাংক। আশা করছি ব্যাংকের যত সমস্যা রয়েছে সেগুলো শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই আনন্দের মধ্যে আমি তেমন কিছু বলতে চাই না।
তিনি বলেন, এই মার্চ মাস আমাদের অর্জনের মাস। এ মাসেই জাতির পিতার জন্মদিন ও ভাষণ একই সঙ্গে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা পৃথিবীতে বিস্তৃত। যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুয জাতির পিতার কথা স্মরণ রাখবে।
অর্থমন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ স্থান পাওয়ার বিষয়টি জাতির পিতার পরিকল্পনায় ছিল। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের আইকন হিসেবে কাজ করছেন। কাঁধে কাঁধ রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি না। কারণ, হাজার বছর বললে একটা নির্দিষ্ট সময়ের হয়ে যায়। তাই সব সময় আমি বলি, বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। মুজিব কর্নারের মাধ্যমে নতুন প্রজন্মের ব্যাংকার বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে উৎসাহী হবেন।’
গভর্নর বলেন, ‘জনতা ব্যাংকের ডিপোজিট গ্রোথ ভালো আছে। আগের চেয়ে ২০ শতাংশ বেড়েছে। তবে ব্যাংকটিকে মূলধনের অপর্যাপ্ততা, নন-পারফর্মিং লোনের বিষয়ে লক্ষ রাখতে হবে। সময়মতো লোন রিকভারি করতে হবে। ব্যাংকটিকে সঠিক জায়গায় আসতে হবে।’
জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য এ আয়োজন। ভবিষ্যতে জনতা ব্যাংক ভবনের নিচ তলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘জনতা ব্যাংক নানা দিকে এগিয়ে থাকলেও কিছু বিষয়ে ঘাটতি রয়ে গেছে। আমরা প্রণোদনা প্যাকেজের কাজ, ক্যাপিটাল এডুকেসি, খেলাপি ঋণ আদায়ে পিছিয়ে আছি। গ্রাহকসেবাতেও আমাদের ঘাটতি আছে। এসব বিষয়ে ব্যাংকের বর্তমান পর্ষদ কাজ করছে।’
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ জানান, ১৯৭২ সালে এ ব্যাংকের নামকরণ করেন বঙ্গবন্ধু।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, জনতা ব্যাংকের পরিচালকবৃন্দ এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম