ছেলে সন্তান না হওয়ায় স্বামীর বাড়ি থেকে বিতারিত সেই গৃহবধূ আদালতে

ছেলে সন্তান জন্ম দিতে না পারায় স্বামীর বাড়ি থেকে বিতারিত আলোচিত সেই গৃহবধূ রোকসানা খাতুন অবশেষে আদালতে মামলা দায়ের করেছেন। চার দিনের নবজাতকসহ গাইবান্ধার সাদুল্যাপুরে তাকে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করা হয় । আদালতের কাছে তিনি সন্তানের পিতৃপরিচয় ও নির্যাতনের বিচার প্রার্থনা করেছেন।

আজ রবিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুর রহমানের আদালতে ১৩ দিন বয়সী মেয়েকে কোলে নিয়ে রোকসানা খাতুন বাদি হয়ে ওই মামলা করেন। স্বামী রাজা মিয়াকে প্রধান আসামি করে পাঁচ জনের নামে মামলা হয়েছে। এতে রাজার মা আছমা বেগম, বাবা মহব্বর আলী এবং ভাই আশরাফুল ও তার বউ আইরিন বেগমকে আসামি করা হয়েছে। আদালত পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।

মামলার বিবরণ ও রোকসানার অভিযোগ , গত বছরের ১০ জুন সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মাহাবুবুর আলীর ছেলে রাজা মিয়া’র সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন পর সন্তানসম্ভবা হয়ে পড়েন রোকসানা। মাস চারেক পর গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় জানতে আল্ট্রাসনোগ্রাম করান তার স্বামী। গর্ভের সন্তান মেয়ে জানার পর থেকেই রোকসানার সাথে দূরত্ব তৈরি করে তার স্বামী রাজা মিয়া ও পরিবারের লোকজন।

গত ৮ মার্চ রংপুরে একটি বেসরকারী ক্লিনিকে তিনি কন্যা সন্তান জন্ম দেন। চারদিন পর স্বামীর বাড়ি সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ (ঘোড়ামারা) গ্রামে গেলে তার শ্বশুর-শ্বাশুরীসহ পরিবারের অন্যরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তখন থেকে তিনি বাবার বাড়ী গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামে অবস্থান করছেন।

ভিডিও আসছে…

সুমন মিয়া/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর