রাজৈরে ব্যবসায়ীদের উপরে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টিতে ঈজিবাইকের ভাড়াকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা চালায় এক দল কিশোর। এতে কমপক্ষে আহত ১০ জনের মধ্যে গুরুতর ৩ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে সুষ্ঠু বিচারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করলে পৌর মেয়র ও রাজৈর থানার ওসি ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দেয়ায় ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়।
ব্যবসায়ীরা জানায়, টেকেরহাট বন্দরের মহাজনপট্টির আদি মা লক্ষ্মী ভান্ডারের মালিক শ্যামল কুন্ডুর সাথে পার্শ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের ঈজিবাইক চালক ওসমানের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই ঈজিবাইক চালক এলাকায় গিয়ে ২০/২৫ জন কিশোারকে নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এসময় লেবার ও ব্যবসায়ীসহ কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয়।
মারাত্নক আহত টেকেরহাট বনিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ছেলে রুবেল শাহরিয়ার (৩০), আশিক ফকির (২৫) ও শ্যামল কুন্ডুকে (৫০) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ব্যবসায়ীরা হামলাকারীদের বিচারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ঘটনাস্থলে এসে ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দেন।
টেকেরহাট বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কেরামত ফকির জানান, এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিচার না পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।
ওসি মো. শেখ সাদিক জানান, ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি