আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের র্যালি পরদিন (২৭ মার্চ) করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২১ মার্চ) দুপুরে বিএনপির পক্ষ থেকে দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি এই পরামর্শ দেন।
সাক্ষাৎ পর্ব শেষে বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র্যালির বিষয়ে ডিএমপির পক্ষে থেকে পরামর্শ দেয়া হয়েছে। তারা বলেছে, আপনারা তো এর আগে ২৭ মার্চ র্যালি করেছেন। এবারও ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ র্যালি করলে কোনো অসুবিধা আছে কি না? আমরা বলেছি, কোনো সমস্যা নেই, প্রয়োজনে ২৭ মার্চই র্যালি করবো। তবে, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজারে যাওয়াসহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।
তিনি জানান, ২৫,২৬, ২৮ ও ৩০ মার্চের সবগুলো কর্মসূচি পালন করতে চাই। আজও তাদের এ ব্যাপারে সহযোগিতা চেয়েছি। ৩০ মার্চের সমাবেশ ছাড়া অন্য কর্মসূচি পালনে তেমন কোনো অসুবিধা নেই বলে পুলিশের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমরা সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। কর্মসূচি ঘোষণা করে সেই সময় পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে তাদের জানিয়েছি।
সাক্ষাৎ অনুষ্ঠানে আব্দুস সালা্মের সাথে আরও ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বার্তাবাজার/এসজে