নানা সমস্যায় দিন কাটাচ্ছেন প্রবীণ সাংবাদিক মন্নান ফারুকি

নানা সমস্যা ও অভাবের মধ্য দিয়ে দিন কেটে যাচ্ছে নলছিটি উপজেলার প্রবীণ সাংবাদিক আ. মন্নান ফারুকির। হার্টে সমস্যা ও উচ্চরক্তচাপসহ নানা শারীরিক সমস্যার কারনে এখন সারাদিন নিজের বাসাতেই শুয়ে বসে সময় কাটাতে হচ্ছে তাকে।

সাংবাদিকতা তার নেশা হলেও পেশায় তিনি একজন চিত্রশিল্পী। নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে তার একটি চিত্রশিল্পের প্রতিষ্ঠান ছিল। ছবি আঁকাসহ বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার তৈরী করে যে টাকা আয় হতো তা দিয়েই তার সংসার চলতো। কিন্তু বর্তমানে ডিজিটাল ব্যানারের বদৌলতে এসব হাতে তৈরী ব্যানারের কাজ নেই বললেই চলে৷ শারীরিক দূর্বলতা এবং এমন দিনের পর দিন কাজ কমে যাওয়ায় একসময় তার এই চিত্রশিল্পের প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়।

প্রবীণ এই সাংবাদিক ষাটের দশকে নলছিটি উপজেলার পৌর এলাকার শীতলপাড়া গ্রামে জন্মগ্রহন করেন তার বাবার নাম মো.বদরউদ্দিন ও মাতা লালবড়ু বেগম। তিন ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি সাংবাদিকতা পেশায় নাম লেখান৷ খুলনা থেকে প্রকাশিত দৈনিক জনবার্তা থেকে তার সাংবাদিকতায় হাতেখড়ি শুরু হয়। এরপর কাজ করেছেন সেই সময়কার দৈনিক আজাদ,দৈনিক সংগ্রাম,দৈনিক আল-আমিনসহ অসংখ্য নামিদামি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়।

তখনকার সাংবাদিকতা সম্পর্কে এই প্রবীণ সাংবাদিক জানায়, “আমাদের সময় সাংবাদিকতা এত সহজ ছিল না,প্রয়োজনীয় জিনিসপত্রের বড়ই অভাব ছিল। তারপর একটি সংবাদ পাঠিয়ে ‍সেটা প্রিন্ট হয়ে আসার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো।”

আ. মন্নান ফারুকি নলছিটি প্রসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি ও জাতিয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঝালকাঠি জেলাপর্যায়ে সংবাদিকতা পেশায় গুণীজন সম্মাননায় ভুষিত হয়েছেন।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, তার চার মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তাকে তার ছেলের আয় দিয়েই সব খরচ চালাতে হচ্ছে।

আহসান ইমন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর