লুঙ্গি পরে শেষবারের মত বিসিএস পরীক্ষা দিলেন শিবলু

গত শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়ে যায়।

সেই ছবিতে দেখা যায়, লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরা একজন যুবক পরীক্ষার প্রবেশপত্র নিয়ে একটি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে তার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম খায়রুল হাসান শিবলু। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত আবুল হাসান কাদেরের ছেলে।

শিবলু ২০০৬ সালে এসএসসি, ২০১০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ২০১৫ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করেন। এরপর তিনি এলএলবি প্রিলি ২ বছরের কোর্সও সম্পন্ন করেন।

ছবিটি তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘তৃতীয় ও শেষ বিসিএস পরীক্ষা। তাই আজ লুঙ্গি পরে পরীক্ষা দিলাম।’

পরীক্ষার হলে লুঙ্গি পরে কেন গেলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পোষাকটি আরামদায়ক এবং বাংলাদেশের মানুষের বহুল ব্যবহৃত। এটি বাঙ্গালি জাতির ঐতিহ্যও। আর সেই পোষাক পরেই আমি ৪১তম বিসিএস পরীক্ষা দিলাম।

তিনি আরও বলেন, বাংলার সোনার সন্তানরা বিদেশি সংস্কৃতিকে লালন করিনা। বরং দেশীয় ঐতিহ্যকে ধারণ করে একজন কৃষক বাবার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিলাম। পাশ্চাত্য সংস্কৃতি এড়িয়ে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়ে পরীক্ষা দিলাম।

তবে তার এমন কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পেলেও অনেকে সমালোচনাও করেছেন। এ ব্যাপারে শিবলু বলেন, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে সবাইতো বাঙালি।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে লুঙ্গি-গামছা নিয়ে নেমে যায় আর গিটার বাজিয়ে গান গায়। আবার তারা বৈশাখ নিয়ে নাচানাচিও করে। এদিকে একজন বাঙ্গালির ঐতিহ্য প্রকাশ করায় আমাকে নিয়ে ট্রল করছেন। আসলে ট্রলের পাত্র আমি না যারা আমাকে করার চেষ্টা করছেন তারাই।

এখন পর্যন্ত তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেন শিবলু। সদ্য শেষ হওয়া ৪১তম বিসিএস পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা বেশ ভাল হয়েছে। ইনশাল্লাহ আশা ও আত্মবিশ্বাস রয়েছে। বাকিটা আল্লাহ ভরসা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর