ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড ও ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) সকালে ও ভোররাতে পৃথক ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১২জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেল জানান, সকালে ঢাকাগামী একটি মাইক্রোবাস খুলনাগামী একটি ট্রাকের সাথে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জনের মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে এক শিশু সহ তিনজন মারা যায়। পরে লাশ গুলো উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসার ব্যবস্থা করেছি। তবে হতাহতের পরিচয় এখনো জানা যায়নি।
অপরদিকে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ ভোর রাতে ভাঙ্গা বিশ্বরোডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুল খানের পুত্র সাকিল খান(২২)। সে ঢাকার সরকারী তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। অপর নিহত ও আহত দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানান, রবিবার ভোরে সাকিল তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে আসলে মোটরসাইকেলের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়। আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি