ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারতের সিরিজ জয়

ভারত-ইংল্যান্ড মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়। ২-২ ব্যবধানে সমতা নিয়ে শেষ ম্যাচে মাঠে নামে দুইদল। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।

শনিবার (২০ মার্চ) আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ইংল্যান্ড।

রোহিত শর্মার সঙ্গে পজিশন বদলে ওপেনিংয়ে নামেন অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন এই দুইজন। ৯৪ রানের জুটি গড়েন তারা। ৩৪ বলে ৪ চার ও ৫ ছয়ে ৬৪ রান করে বেন স্টোকসের বলে বিদায় নেন রোহিত।

এরপর মাঠে নেমে ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৩২ রান করেন তিনি। কোহলির সঙ্গে হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

কোহলি ৫২ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন। কোহলির ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ২ ছক্কায়। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ও বেন স্টোকস ১টি করে উইকেট শিকার করেন।

২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। রানের খাতা না খুলে ভুবেনেশ্বরের বলে বোল্ড হয়ে ফিরেন জেসন রয়। তবে ইংল্যান্ড বিপর্যয় কাটিয়ে উঠে জস বাটলার ও ডেভিড মালানের ব্যাটে।

বড় স্কোরের আভাস দেন দুইজন। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন দুইজনই। ৮২ বলে ১৩০ রানের জুটি গড়েন তারা। তবে ৫২ রান করে বাটলার ও ৬৮ রান করে মালান ফিরলে ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি।

জনি বেয়ারস্টো ৭, অধিনায়ক ইয়ন মরগান ১, বেন স্টোকস ১৪, ক্রিস জর্ডান ১১ ও জফরা আর্চার ১ রান করে ফিরেন। স্যাম কারান ১৪ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে শার্দুল ঠাকুর ৩টি, ভুবেনেশ্বর কুমার ২টি, হার্দিক পান্ডিয়া ও থাঙ্গারসু নাটরাজন ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর