উড়ছে বেনজেমা, বার্সাকে টপকে দুইয়ে রিয়াল

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে শনিবার রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল। এই জয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে তারা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন বেনজেমা। রিয়ালের হয়ে টানা ছয় ম্যাচে ৮ গোল করেছেন তিনি। সেল্টা ভিগোর বিপক্ষে দুই গোল করার পাশাপাশি বাকি একটি গোলে সহায়তা করেছেন তিনি। এতে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচের ২০ মিনিটে টনি ক্রুসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন বেনজেমা। ৩০ মিনিটে আবারও টনির ক্রুসের সহায়তায় দ্বিতীয় গোল করেন বেনজেমা। তবে ৪০ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান সেল্টা ভিগোর সান্তি মিনা।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও আশাজনক ফল পায়নি সেল্টা ভিগো। ম্যাচের যোগ করা সময়ে বেনজেমার সহায়তায় গোল করে ব্যবধান ৩-১ করেন আসেনসিও।

এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর