সন্তানদের সাথে অভিমান: একদিনে ৩ বাবা-মায়ের আত্মহত্যা

যশোরের চৌগাছায় একদিনের ব্যবধানে ৩ বৃদ্ধ বাবা-মা আত্মহত্যা করেছেন। গলায় ফাঁস নিয়ে ও কীটনাশক পান করে শুক্রবার (১৯ মার্চ) দুপুর থেকে শনিবার (২০ মার্চ) দুপুরের মধ্যে উপজেলার তিনটি গ্রামে তারা আত্মহত্যা করেন।

নিহতরা হলেন, চৌগাছা পৌরসভার বেলেমাঠ গ্রামের মুদি দোকানি গোলাম মোস্তফা (৬০), উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের সাখাওয়াৎ উল্লাহর স্ত্রী মনোয়ারা (৫৫) ও নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের লোকমান হোসেন (৬০)।

জানা যায়, পেশায় মুদি দোকানি গোলাম মোস্তফা শহরে ব্যবসা করেন। পরিবারের সদস্যদের সাথে অভিমান করে তিনি কীট নাশক পান করেন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন সেখানে রাতে তার মৃত্যু হয়।

মনোয়ারা বেগমের বিষয়ে জানা যায়, তিন ছেলে ও দুই মেয়ের জননী মনোয়ারার সব সন্তানের বিয়ে হয়েছে। তিনি স্বামীকে নিয়ে ছোট ছেলের সাথে থাকতেন। শুক্রবার পারিবারিক কলহের কারণে তিনি কীটনাশক পান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে রাতেই তিনি মারা যান।

এছাড়া হাজারাখানা গ্রামের লোকমান হোসেন আজ শনিবার বেলা দেড়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তিনিও সন্তানদের ওপর অভিমান করে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা জানান, কিছু দিন আগে তিনি ৬০ লক্ষ টাকার জমি বিক্রি করেন স্থানীয় এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছে। এই টাকা নিয়ে সন্তানদের সঙ্গে মনোমালিন্য হতে পারে বলে একাধিক প্রতিবেশি জানান।

চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, হাজরাখানায় ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর