তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের পৌর সভার বাগরাকসা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে ১৪ জুন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই মহল্লার প্রতিবেশী সবুজা বেগম ওরফে সুন্দরী (৫০) ছেলে শিপন ইসলাম (২৬) মেয়ে রুবী বেগম (২৯) সহ অন্যান্যরা জাকিয়া বেগম (৫৫) কে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত জাকিয়া বেগমকে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেরপুর পৌর সভার বাগরাকসা মহল্লার বাসিন্দা মোঃ বদি মিয়ার স্ত্রী সবুজা বেগম ওরফে সুন্দরী, ছেলে শিপন মিয়া, মেয়ে রুবী বেগম প্রতিবেশী মৃত ছামিউল হকের বিধবা স্ত্রী জাকিয়া বেগমের সাথে নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন জাকিয়া বেগমের বশত ঘরের সম্মুখে থাকা একটি পেয়ারা গাছ সবুজা বেগম ওরফে সুন্দরী, ছেলে শিপন ইসলাম ও মেয়ে রুবী বেগম জোর পূর্বক কেটে ফেলে। এসময় তাদের বাঁধা দিতে গেলে শিপন ইসলাম ধারালো অস্ত্র দিয়ে জাকিয়া বেগমকে মাথায় কুপিয়ে জখম করে। এছাড়াও সবুজা বেগম ওরফে সুন্দরীর মেয়ে রুবী জাকিয়া বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে আহত জাকিয়া বেগমকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনার জখমী জাকিয়া বেগমের মেয়ে সোমা আক্তার বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে শেরপুর সদর থানার একটি এজাহার দায়ের করেছেন।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন’র সাথে যোগাযোগ করা হলে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথেই অফিসারসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।