বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে ভালো কাজগুলো করতে পারবে তার আর কেউ পারবে না বলে মনে করেন তিনি নিজে। শনিবার (২০ মার্চ) রাতে লাইভে এসে তিনি এই মন্তব্য করেন।
সাকিব বলেন, আমি যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই হতে চাইব এবং আমি জানি বিসিবির ইতিহাসের সেরা হতে পারব। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, আমার কাছে মনে হয় কখনও বিসিবি সভাপতি হতে পারি। আর আমি বিসিবি সভাপতি হলে যত ভালো কাজ করতে পারব তা আর কেউ পারবে না।
বাইরের দেশের খেলোয়ারদের বিষয়ে তিনি বলেন, নির্মম সত্যটা হচ্ছে- যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে আমরা তাদের স্যার-হুজুর করতে থাকি দুই-একজন ছাড়া। যারা অল্প কয়েকটা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সাথে এমন করি। আমাদের দেশে যারা ৫-৭ বছর খেলছে তাদের রেসপেক্ট করি না।
খেলোয়ারদের সম্মান করার বিষয়ে তিনি বলেন, আমাদের দেশের মানুষই যদি আমাদের রেসপেক্ট না করে, বোর্ড রেসপেক্ট না করে, ক্রিকেটাররা রেসপেক্ট না করে- সেখানে অন্য দেশের মানুষ কীভাবে করবে?
বার্তাবাজার/এসজে