জাজিরার ডাকাতি মামলার ৪ আসামী গ্রেফতার

জেলার জাজিরা উপজেলার বিকেনগর আনন্দ বাজার থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।

গত বৃহস্পতিবার ডাকাতদের গ্রেফতার করা হয়। এছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকেলে জেলা পুলিশ “শরীয়তপুর পুলিশ মিডিয়া সেল” এক প্রেস বার্তা দিয়েছে।

আটককৃতরা হলেন, জাজিরা উপজেলার বিকেনগর টুমচর সরদার কান্দি গ্রামের ইদ্রিস সরদারের ছেলে কালাচাঁন সরদার(৩৫), বিকেনগর সদর আলী মাদবর কান্দি গ্রামের মৃত ওহাব মাদবর ছেলে বাবুল মাদরব(৪৫), বিকেনগর মুন্সী কান্দি গ্রামের জনু ফকিরের ছেলে বাহাদুর ফকির(৩৫) তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি করে নিয়ে যাওয়া স্বর্ণ ক্রয়কারী বি কে নগর আনন্দবাজার স্বর্ণকার বিষ্ণু বাইনকে (৩৪) ডাকাতি হওয়া স্বর্নলংকারের মধ্যে একটি চেইন ও দুইটি আংটিসহ গ্রেফতার করা হয়।

প্রেস বার্তায় জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে জাজিরা উপজেলার বিকেনগর টুমচর সরদার কান্দি গ্রামের সাহেব আলী সরদারের বাড়ীতে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বিল্ডিংয়ের গেট ও কাঠের দরজা ভেঙে রুমে প্রবেশ করে। সাহেব আলী সরদার ও তাহার পরিবারের লোকদেরকে মারপিট করে। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ৭ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা, তিনটি মোবাইল, একটি ঘড়ি, একটি টর্চ লাইট ডাকাতি করে নিয়ে যায়। যাহার মূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা।

গত ২১ ফেব্রুয়ারি সাহেব আলী সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেয়া হয়। পরে ১৮ মার্চ নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে শরীয়তপুর ডিবির ওসি সাইফুল আলম, তদন্তকারী অফিসার এসআই শেখ আশরাফুলসহ ডিবির অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। ডাকাতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি, এক জোড়া কানের দুল ও স্বর্ণ বিক্রির ২৮ হাজার উদ্ধার করা হয়। ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে।

ডাকাত কালাচান ও বাহাদুর নিজেরা ঘটনার সঙ্গে জড়িত বলে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আসাদ গাজী/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর