বিএনপির নেমে এসেছে শোকের ছায়া। দু’দিনে দলটির দুই শীর্ষস্থানীয় নেতার জানাজা পড়তে হয়েছে নেতাকর্মীদের।স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর জানাজা পড়ে দলটির নেতাকর্মীরা এখন ভারাক্রান্ত।
গত মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) তার মরদেহ দেশে আনার পরদিন (১৯ মার্চ) দেশের বেশ কয়েক জায়গায় ৬ বার জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাকে দাফন করা হয়।
এদিকে শনিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। করোনা উপসর্গ নিয়ে গত ১০ মার্চ হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা শনাক্ত হয়।
এরপর অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার আছরের নামাজের পর বনানীর সামরিক কবরস্থান সংলগ্ন মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠত হয়।
জানাজার পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি নেতা কর্নেল (অব.) জয়নাল আবেদিন, অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, মেজর (অব.) হানিফ, মেজর (অব.) ব্যারিস্টার সারোয়ার হোসেন, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ, মরহুমের একমাত্র মেয়ের জামাতা এ কে এম মহিউদ্দিন প্রমুখ।
বার্তাবাজার/এসজে