রিজভীর অনুপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে পরিবর্তন

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

শনিবার (২০ মার্চ) বিকালে গণমাধ্যমকে এমরান সালেহ প্রিন্স নিজেই এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত শুক্রবার (১৯ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে একটি চিঠি দিয়েছেন। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে দেওয়া হয়েছে। যেহেতু দলের দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম-মহাসচিব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সেজন্য আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও রিজভী আহমেদ অসুস্থ থাকাকালীন আমি দু’মাস দপ্তরের দায়িত্ব পালন করেছিলাম।

এমরান সালেহ প্রিন্সকে দেওয়া চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

চিঠি পাওয়ার পর শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রিন্স। এর আগে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর