সরকার ভয়-ভীতি দেখিয়ে দেশকে বিরাজনীতিকরণ করছে: ফখরুল

ক্ষমতাসীন সরকার ভয়-ভীতি দেখিয়ে মিথ্যা প্রচার-প্রচারণা করে বাংলাদেশকে পুরোপুরি বিরাজনীতিকরণের পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ মার্চ) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী সুনামগঞ্জে সাম্প্রদায়িক ঘটনা সম্পর্কে অবলীলায় মিথ্যাচার করে চলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা বিএনপিকে দেখে, বিএনপিকে ভয় পায়, বিএনপিকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখে। এখানেও (সুনামগঞ্জে) তারা চেষ্টা করেছে বিএনপির নাম কীভাবে চালানো যায়।

এ বিষয়ে গণমাধ্যমের ভুমিকার প্রশংসা করে তিনি বলেন, গণমাধ্যম এ ঘটনার প্রকৃত চিত্রটা তুলে ধরেছে। যেটার শুরুটা করেছে যুবলীগের নেতা। তার সঙ্গে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের কারো হাওড়ের বিষয় নিয়ে সমস্যা ছিলো এবং তার কারণে এই ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। একটা জরিপ করুন যে, কতজন হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, তাদের বাড়ি-ঘর কারা দখল করেছে? সেখানে তারা বিএনপির লোককে খুঁজে পাবে না। বেশিরভাগই আওয়ামী লীগের লোকেরা দখল করে আছে। এটা হচ্ছে বাস্তবতা। অথচ অবলীলায় তারা এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

দলের নেতা-কর্মীদের আন্দোলনের জন্য আরো সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা কখনো নিরাশ হয়নি, আমরা হতাশ হয়নি। আমরা নিজেরা সংগঠিত হচ্ছি, আমরা ১৪ বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এই সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি। এই মূল্য আরো দেবো। হতাশাই শেষ কথা নয়, হতাশার পরেই নতুন সূর্যোদয় হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর