ছেলে খাবার দেয়না, ভাত চাইতে ইউএনওর কাছে বৃদ্ধা

বহু বছর আগে স্বামী মারা যাওয়ার পর জমিজমা সব জোর করে নিজের নামে লিখে নেয় বৃদ্ধা ফাতেমার ছেলে। এরপর থেকে ছেলেও খোঁজ নেয় না মায়ের। বয়সের তাড়সে গৃহস্থালীর কাজ করতে না পারায় ছেলের সংসারে খাবার জোটে না ঠিকমত। তাই ভাতের সন্ধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) যান বৃদ্ধা।

ময়মনসিংহের ফুলপুরে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) এই ঘটনাটি ঘটেছে। ইউএনও শীতেষ চন্দ্র সরকারের কাছে খাবারের আকুতি জানানোর পর তিনি বৃদ্ধার খাবারের ব্যবস্থা করেন।

জানা যায়, উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের মৃত সুরুজ আলী অনেক বছর আগে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে মারা যান। একমাত্র ছেলে মিরাজ নিজের স্ত্রীকে নিয়ে আলাদা সংসার গড়েছেন। মা ফাতেমা খাতুনের নামে থাকা ১৪ শতক জমি ৭ বছর আগে নিজের নামে লিখে নেয় মিরাজ।

জমিটা বাগিয়ে নেওয়ার পর থেকেই মা’কে অবহেলা করতে শুরু করেন তিনি। সংসারে কাজ করতে না পারায় ভাতও দেওয়া হতো না ফাতেমা খাতুনকে।

এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক কষ্টে বৃহস্পতিবার উপজেলা সদরে নির্বাহী কর্মকর্তার দপ্তরে যান ফাতেমা। নিজের কষ্টের কথা বর্ণনা করে ইউএনওর কাছে ভাত চান তিনি। তাৎক্ষণিক তার জন্য খাবারের ব্যবস্থা হয়।

সন্ধ্যায় ফাতেমাকে নিয়ে ছেলে মিরাজের বাড়ি যান ইউএনও শীতেষ চন্দ্র সরকার। ছেলেকে রাজি করান ৩ বেলা খাবার দেওয়ার জন্য। ছেলে মিরাজ এই ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চান। আশ্বাস দেন মায়ের দেখভাল করার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার জানান, বৃদ্ধার জমি লিখে নেওয়ার বিষয়টি সালিশের মাধ্যমে সমাধান করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই পরিবারকে সরকারি সহায়তাও দেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর