যারা মোদি বিরোধী শ্লোগান দিচ্ছে তারা স্বাধীনতা বিরোধী চক্র: আমু

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতেই ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শনিবার (২০ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্ম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই উস্কানির পিছনে রয়েছে পাকিস্তানের দালাল ও আইএসের এজেন্টরা। স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা কোনো দিন ভুলার নয়। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিরোধিতা করা অনভিপ্রেত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যারা শ্লোগান দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে মাঠে নামিয়েছে তারা স্বাধীনতা বিরোধী চক্র। তাদের বিরূদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আহবান জানান আমির হোসেন আমু।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাদঁপুরী, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন সহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর