শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) দুপুর ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে একটি সমঝোতা সই হয়েছে এবং পাঁচটি চুক্তি নবায়ন করা হয়েছে।
বৈঠক শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং কার্যালয় ত্যাগ করেন।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।
বেলা সাড়ে ১১টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই সরকার প্রধান। প্রথমে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বার্তাবাজার/নব