দেশে কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: কাদের
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে দেশে যারাই অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২০ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন,সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।
হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।
কাদের আরও বলেন, এখন স্পষ্ট যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে কারা সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এ হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।
বার্তাবাজার/নব