নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। এদিন ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ দল নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি।
প্রথমে ব্যাট করতে নেমে ১৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস। দুইজন মিলে ৫৪ রানের জুটি গড়েন।
১৯ বলে ৩ চার ও ৪ ছয়ে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন গাপটিল। মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে তাসকিন আহমেদের বলে গাপটিল ফিরলে তাদের ওপেনিং জুটিটি ভাঙে।
গাপটিল ফিরলে ডেভন কনওয়েকে নিয়ে রানের চাকা সচল রাখেন নিকোলাস। দুজন মিলে ৬৫ রানের জুটি গড়েন। ২৭ রান করে হাসান মাহমুদের বলে ফ্লিক করতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন কনওয়ে।
তবে এরপর উইল ইয়ংকে নিয়ে ইনিংসের ২২তম ওভারে জয় তুলে নেন নিকোলাস। নিকোলাস ৪৯ ও উইল ইয়ং ১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। ট্রেন্ট বোল্ট ও জিমি নিশামের সামনে পরাস্ত হন টাইগার ব্যাটসম্যানরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদউল্লাহ।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এছাড়া লিটন দাস ১৯, শেখ মেহেদী হাসান ১৪, তামিম ইকবাল ১৩, তাসকিন আহমেদ ১০ রান করেন। বাকি কেউ দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার ২টি করে ও ম্যাট হেনরি ১টি উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব