বালুভর্তি ট্রাক নিয়ে নদীতে ভেঙে পড়ল বেইলি ব্রীজ
ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি ব্রীজটি বালুভর্তি একটি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে।
শনিবার(২০ মার্চ)ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফরিদপুর জেলা সদরসহ বিভিন্ন স্থানের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।প্রয়োজনের তাগিদে ভাঙ্গা ব্রীজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ তবুও চলাচলা করছে।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক (ফরিদপুর-ট-১১-০৩০৭) মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বেইলি ব্রীজটির ওপর উঠলে ব্রীজের মধ্য অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পুরাতন এই ব্রীজটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো বেশ কিছুদিন যাবত। বার বার সেখানে একটি নতুন ব্রীজের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে এলাকাবাসী। কিন্তু সেই দাবী বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসীর ভিতর।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন, শনিবার ভোরের দিকে কুমার নদীর ওপর নির্মিত পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি