‘চাকরি পেতে আ’লীগ নয়তো ছাত্রলীগ করতে হয়’

এখন চাকরি পেতে হলে আওয়ামী লীগ করতে হয় নয়তো ছাত্রলীগের সাবেক নেতা হতে হয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সাকি বলেন, দেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত। তারা বাংলাদেশের সংবিধান সাম্য ও মানবিক মর্যাদার কথা বলে। অথচ এখন চাকরি পেতে হলে ছাত্রলীগের সাবেক নেতা হতে হয় নতুবা আওয়ামী লীগ করতে হয়। এটা সমতা নয়।

তিনি বলেন, সমস্ত ক্ষমতা এখন প্রধানমন্ত্রীর হাতে। এই প্রধানমন্ত্রীর জায়গায় যেই প্রধানমন্ত্রীই বসুক না কেন ক্ষমতার অপপ্রয়োগ তিনিও করবেন। তাহলে মুক্তি কোন পথে? এই রাষ্ট্রকে সংস্কার না করে একটা নির্বাচনও হবে না। ফলে এই সরকারের পতন আর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর; এই দুলে মিলে আজকে এক দফা তৈরি হয়েছে। এই এক দফা সংগ্রাম বাংলাদেশে তৈরি করতে হবে। এটাই হোক বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে নতুন শপথ।

জুনায়েদ সাকি আরও বলেন, দেশের মধ্যে চুরি, দুর্নীতি লুটের বিরুদ্ধে কথা বলতে গেলে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে নিয়ে নির্যাতন করা হয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার যে শাসন কায়েম করেছে তা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত। জনগণের ন্যূনতম মর্যাদা নেই। আদালতও দখল করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ একাত্তর সালকে নিজেদের পকেটে রাখতে চায়। তারা ছাড়া যেন কেউ যুদ্ধ করেনি। তারা ছাড়া যেন এই মুক্তির সংগ্রামে আর কারও অবদান ছিল না। এই রকম একটা ইতিহাস তারা তৈরি করতে চায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর