গলায় মাছ আটকে প্রাণ গেল যুবকের

গলায় জ্যান্ত কই মাছ আটকে প্রাণ গেল শিমুল (৩৫) নামের এক যুবকের। নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কই মাছ মুখে কামড়ে ধরে আরেকটি কই মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের পৌরসভাধীন এনায়েতপুর গ্রামে। শিমুল ওই গ্রামের ব্রজেন্দ্র ডাক্তার বাড়ির বীরেন্দ্র দাসের ছেলে। শিমুল দুই সন্তানের জনক। সে স্থানীয় দোপল্লা বাজারে নরসুন্দরের কাজ করতেন।

শিমুলের খালাতো ভাই সুমন দাস জানান, সন্ধ্যার দিকে নিতান্ত শখের বসে হাত দিয়ে কই মাছ ধরতে নিজ বাড়ির পুকুরে নামে শিমুল। বেশ কয়েকটি কই মাছ পাওয়ার পর পর একটি কই মাছ হাতে দিয়ে ধরার মধ্যেই আরেকটি কই মাছ তার পায়ের নিচে চাপা পড়ে।

পায়ের নিচের মাছটি দ্রুত ধরার জন্য হাতের মাছটি মুখ দিয়ে কামড়ে ধরে পায়ের নিচের মাছটি দুই হাত দিয়ে ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা রেফার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা নেওয়ার পথে শিমুল মারা যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী জানান, গলায় ক‌ই মাছটি আটকে থাকা যুবককে কুমিল্লা রেফার করি। পরে শুনেছি যুবকটি মারা গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমি লোক মুখে খবর পেয়েছি তবে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর