কিশোরীকে অপহরণ: উদ্ধারের ১২ ঘন্টা পর পাওয়া গেল ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জে এক স্কুলছাত্রী অপহরণের ১২ ঘণ্টা পর নিজ বাড়িতে ফিরেই আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মার্চ ২১) বিকেলে শহরের মাহমুদপুর মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত স্কুলছাত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার এস বি রেলকলোনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী (১৫)।

ওই স্কুলছাত্রী মাহমুদপুর তিন নম্বর গলির অধিবাসি শরিফুল ইসলাম সেখের মেয়ে। নিহত স্কুলছাত্রীর বাবা শরিফুল ইসলাম শেখ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত দু’বছর ধরে একই মহল্লার আব্দুল আজিজের বখাটে ছেলে জিম (১৬) প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ওই অভিভাবকদের কাছে বারবার অভিযোগ করেও কোন ফয়সালা হয়নি।

তিনি আরও জানান বুধবার (১৭ মার্চ) বখাটেদের অত্যাচারে বাধ্য হয়ে স্কুলছাত্রীর সঙ্গে এক আত্মীয়ের ছেলের বাগদান সম্পন্ন হয়। কিন্তু বখাটে জিম পুলিশকে নাবালিকা বলে ফোন করে ডেকে এনে বাগদান প্রক্রিয়া বন্ধ করে দেয়। পরের দিন বিকেলে বাসার সামনে থেকে জিমসহ মাহমুদপুর মহল্লার মৃত শাহিনের ছেলে জীবন, ফনির ছেলে অন্তর, হানিফের ছেলে রুমন ও চর রায়পুর মহল্লার ছাত্তারের ছেলে কাইয়ুম মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাৎক্ষণিক থানায় অভিযোগ দেয়া হয়।

পরে গভীর রাতে আনছার নামের মাহমুদপুর মহল্লার এক ব্যক্তি স্কুল ছাত্রীকে থানায় পৌঁছে দেয়।

এদিকে, শুক্রবার (১৯ মার্চ) দুপুর ১২টায় জয়াকে পরিবারের কাছে জীবিত অবস্থায় হস্তান্তর করে পুলিশ। বাসায় যাবার পর রান্না ঘরে ঢুকে দরজা আটকে দেয় ওই স্কুলছাত্রী। সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এ প্রসঙ্গে সদর থানার এস আই সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর