মওদুদকে আ’লীগের শ্রদ্ধা না জানানো দুর্ভাগ্যজনক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহে আওয়ামী লীগের শ্রদ্ধা না জানানোকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ও মওদুদের ভায়রা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মওদুদের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
জনিপ্রিয় একজন রাজনীতিবিদের মৃত্যুর পরেও সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন করতে না আসার ব্যাপারে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এটা দুর্ভাগ্যজনক। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এ রকম হওয়া উচিত নয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মওদুদ আহমদ সারা জীবন একজন সংগ্রামী নেতা ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মওদুদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (একাংশ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষজন।
এরপর ৬ ধাপে বিভিন্ন স্থানে জানাজা শেষে বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ দেশের খ্যাতিমান এই আইনজীবী ও রাজনীতিবিদকে দাফন করা হয়।
বার্তাবাজার/এসজে