ট্যাক্স রেট বাড়ানোই এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল বিষয় বলে জানিয়েছেন সরকারের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে খুলনার একটি হোটেলে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান জানান, অনেকেই ট্যাক্স রেটের বাইরে রয়ে গেছেন। আমরা সে লক্ষ্যে সার্ভে করছি। ট্যাক্স রেট বৃদ্ধির জন্য সার্ভের সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বা তাদের প্রতিনিধিকে সাথে রাখা হচ্ছে।’
তিনি জানান, আমরা সবাই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা সমৃদ্ধ দেশের নাগরিক হতে চাই। এর জন্য সরকারের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের একটা অস্পষ্টতা রয়েছে। ভ্যাট প্রদানকে অনেকে করের মতো মনে করছে। কিন্তু ভ্যাট হচ্ছে ক্রেতার কাছ থেকে রাষ্ট্রের পক্ষে সংগ্রহ করা অর্থ। এটি কোনো ব্যক্তির উপার্জন থেকে দেওয়া হচ্ছে না।
ভ্যাটের বিষয়ে তিনি বলেন, প্রতিমাসে ভ্যাট পরিশোধ না করে অনেকে বছর শেষে রিটার্ন দিতে চান। কিন্তু এতে টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। ফলে রিটার্ন জমা দেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে এবং ভ্যাট প্রশাসনের সাথেও সমস্যা তৈরি হবে।
জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার, মোংলা কাস্টমস হাউসের কমিশনার, খুলনা কর অঞ্চলের কর কমিশনারসহ খুলনা ও বরিশাল চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে