মিষ্টি খাওয়ানোর কথা বলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে মোংলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠের জনৈক ব্যক্তির প্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল।

এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর সমঝোতা করে দেওয়ার কথা বলে ধর্ষণের শিকার যুবতীর বাবাকে নানাভাবে ঘুরিয়ে আসছেন। তাই এ ঘটনায় থানায় কোনো অভিযোগও করেননি তিনি।

এদিকে ধর্ষক নয়ন মন্ডল পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে ধর্ষণের ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

ওই ভিডিওতে ধর্ষণের শিকার তরুণী (১৮) বলেন, নয়ন মিষ্টি খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন ও সজল এবং চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদারের মধ্যস্থতায় শালিস বৈঠক করে সমাধান করবেন বলে জানা গেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনও বিচার পাননি প্রতিবন্ধী তরুণী।

তরুণীর বাবা বলেন, আজমল ও সজল মেম্বর বলেছিল তাদের চেয়ারম্যান ইস্রাফিলের মাধ্যমে এর বিচার করবেন। কিন্তু চেয়ারম্যান এখনও বিচার করেননি। এ ব্যাপারে ওই দুই মেম্বর থানায় অভিযোগও করতে দেয়নি।

ইউপি মেম্বর সজল বলেন, আমি এ ঘটনার কিছু জানি না। সব কিছু আজমল মেম্বর জানে। আর অপর মেম্বর আজমল বলেন, আমাদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার নির্বাচন নিয়ে ঝামেলায় আছেন, সে কারণে এই বিচার করা হয়নি।

তবে এ সম্পর্কে মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার বলেন, নিউজ করার দরকার নেই, আমি দেখছি কি করা যায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কেউ কিছু জানায়নি, অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর