নিজেদের দুর্ভোগ কমাতে রাস্তায় পানি এলাকাবাসীর

“কি করবো ভাই, পানি না ঢেলে উপায় কি! প্রতিদিন ধূলা বালি সহ্য করতে হচ্ছে আমাদের, আমাদের প্রতিদিন যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে,তাই বাধ্য হয়ে পানি ঢালছি।” কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাটের স্থানীয় ব্যবসায়ী চাঁন মিয়া।

দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের নামে রাস্তার ইট তুলে রাস্তা খোঁড়াখুঁড়ি করে এভাবেই রাস্তার কাজ অসমাপ্ত করে রেখেছে রাস্তার কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের চিলমারীতে রাস্তায় বালুর উপর পানি দিয়ে পথ চলাচলে দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন সেখানকার বসবাসরত স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা অভিযোগ করে জানান,উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড়া এলাকায় এই রাস্তা সংস্কারের নামে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। সংস্ককারের নামে রাস্তার ইট অপসারণ করে। পরে রাস্তায় বালু দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কাজ না করায় বালু দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে।

এদিকে, রাস্তা দিয়ে চলাচলরত ছোট ছোট যানবাহনগুলো এলাকায় প্রবেশ করা বন্ধ করে দিয়েছে। যার ফলে যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ ব্যক্তিরা বেশি অসুবিধায় পড়েছেন। সেই ভোগান্তি কিছুটা কমানোর চেষ্টায় শুক্রবার (১৯ মার্চ) সকালে বালুর উপর পানি ঢেলে রাস্তা সমান করার ও ধুলোবালি কমানোর চেস্টা করছেন বানিন্দারা।

ডেমনার পাড়ার বাসিন্দা শাকিল আহমেদ বলেন, “দীর্ঘ দিন থেকে রাস্তায় বালু ফেলে রাখায় বাইরে থেকে এলাকায় যানবাহন আসেনা। আর বিশেষ করে বালুর উপর দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। এখন রাস্তায় এলাকাবাসীর পক্ষ থেকে পানি দেয়া হচ্ছে এতে একটু হলেও ভালো ভাবে চলাচল করতে পারবো।”

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট এইচকিউ মোজাফ্ফর খলিফার বাড়ী হতে কেসি রোড পর্যন্ত ১হাজার ২’শ মিটার তৎসংলগ্ন লিংক রোড ২৭০ মিটারসহ তিনটি রাস্তা পাকাকরণের কাজ ২০১৯-২০ অর্থবছরে টেন্ডার হয়। যার কাজের শেষ সময় ছিল গত বছরের ২৩ জুন। ২৪ জুন ২০১৯ তারিখে কাজ শুরু করে দুইটি রাস্তার কাজ কোনরকমে শেষ করলেও ওই রাস্তাটির কাজ না করে ফেলে রেখেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান অদ্যবিদ কাজটি শেষ করেনি।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর