বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার কথা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি লিখেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চান। যাতে দুই দেশই লাভবান হয়।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় এসে তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শনিবার (২০ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন লঙ্কান প্রধানমন্ত্রী।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। দুই দিনের সফর শেষে আগামী ২০ মার্চ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর