অভিযোগের তীরে বিদ্ধ হেফাজতও হিন্দুদের বাড়িতে হামলার বিচার চেয়েছে

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের ৮৮ বাড়ি ও ৮টি মন্দিরে হামলার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে দায়ী করে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। সেখানে তারা হামলার ঘটনায় হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতার দাবি করেন।

এদিকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়য়। সেখানে শাল্লার বর্বোরোচিত এই হামলার জড়িতদের বিচার চেয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত তদন্ত, অনুসন্ধান ও প্রমাণ ছাড়াই হেফাজতে ইসলামকে জড়িয়ে উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালাচ্ছে কয়েকটি চিহ্নিত ভারতপন্থি মিডিয়া। আমরা তাদের এহেন অপেশাদার ও হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, অতীতে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটলে হেফাজতে ইসলাম সেটার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমরা সবাইকে স্পষ্ট জানাতে চাই যে, ভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয় ও বাড়িঘরে কোনো ধরনের হামলাকে হেফাজত সমর্থন করে না।

বিবৃতিতে আরও বলা হয়, সুনামগঞ্জের শাল্লায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার আমরা নিন্দা জানাচ্ছি। সেইসাথে আমরা ক্ষতিগ্রস্ত নিরীহ হিন্দু পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সরকারের কাছে এহেন নিন্দনীয় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর