নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল (২০ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু একবারও জয়ের দেখা পায়নি টাইগাররা। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ দল।
প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যাবে লিটন দাসকে। তিন নম্বর পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। তিনে শান্তর ওপর ভরসা রাখছেন টাইগার অধিনায়ক তামিম।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত নম্বর পজিশনে খেলানো হয় সৌম্য সরকারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে ওপরে খেলানো হতে পারে। তবে সৌম্য দলে অটোচয়েজ নয়। যার ফলে তার একাদশে থাকা নিয়ে রয়েছে শঙ্কা।
এদিকে একাদশে পাঁচজন বোলার নিয়ে খেলতে চান তামিম। একজন অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে তাসকিন আহমেদ অথবা অন্য কাউকে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।
বার্তাবাজার/নব