অপারেশন থিয়েটারে হাসপাতাল কর্মচারীর ঝুলন্ত মরদেহ

বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী হাসপাতালের অপারেশন থিয়েটার রুমে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শাপলু মোহর (৩১) বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দু পাড়ার সুবল মোহরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাপলু মোহর লামা হাসপাতালের ভিতর বিভাগে ওয়ার্ড বয়ের চাকরি করত। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় অপারেশন থিয়েটার রুমে (ওটিতে) তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে ফাঁস থেকে নামায় ডাক্তার ও কর্মচারীরা।

পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ত্রিদিব বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিদার মেহের বলেন, ওটিতে শাপলু মোহরের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা সকলে দৌড়ে এসে বেঁচে আছে কিনা তা দেখার জন্য গলার ফাঁশ কেটে লাশ নামায়। তবে দিবাগত রাতের কোন একসময় শাপলু মোহর ফাঁস খায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নিহতের স্ত্রী আখিঁ দাশ (৩০) বলেন, গত রাত ৮টায় সামনা-সামনি সর্বশেষ আমার স্বামীর সাথে কথা হয়। তারপরে রাতে অনেকবার আমার স্বামী শাপলু মোহরের নাম্বারে কল দিলে ফোন ঢুকলেও রিসিভ হয়নি। এবং অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১১টায় লামা হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারে (ওটিতে) তার লাশ ধূতিতে ঝুলানো অবস্থায় দেখে কাপড় কেটে নামায় হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর