জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত ফুল গাছের চারা রোপণ করেন। শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাজাপাকসে।
এরপর শনিবার (২০ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন লঙ্কান প্রধানমন্ত্রী।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। এর মধ্যে বেশ কয়েজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী, তাঁত ও বস্ত্র বিষয়ক প্রতিমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা মাহিন্দা রাজাপাকসের সফরসঙ্গী হয়েছেন।
দুই দিনের সফর শেষে আগামী ২০ মার্চ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।
বার্তাবাজার/নব