বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দেশের খ্যাতনামা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ নেওয়ার পর সেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ শহিদ মিনারে আনা হয়েছে। এখানে শ্রদ্ধা নিবেদনের তার নেওয়া হবে মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, হেলিকপ্টার যোগে দুপুরের দিকে তার মরদেহ নোয়াখালীতে নেওয়া হবে। কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে এবং বিকালে প্রিয় ক্যাম্পাস বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠেই শেষ জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানিকপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের তাকে পাশে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্যারিস্টার মওদুদ আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বার্তাবাজার/এ.আর